MCJ NEWS

কুবি এমসিজে বিভাগের সাথে কুমিল্লার কাগজের সমঝোতা স্মারক সই

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং কুমিল্লার কাগজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ব্যবসা অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডিডব্লিউ একাডেমির সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন করছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট(সাকমিড)। এসময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বক্তারা এই চুক্তিকে ভবিষ্যৎ সাংবাদিকদের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্টের উপপরিচালক কামরুল হাসান বলেন, “আমাদের পথ সহজ ছিল না, কিন্তু আমরা দৃঢ়ভাবে এগিয়েছি। বিভিন্ন পত্রিকার সঙ্গে যোগাযোগ করে কাজ এগিয়ে নিয়েছি এবং এখন দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। ডিডব্লিউ একাডেমি আমাদের সঙ্গে কাজ করছে ভবিষ্যতের সাংবাদিকতা গড়ে তুলতে। আমরা চাই একাডেমিকভাবে কম গুরুত্ব পাওয়া বিষয়গুলো যেমন গুজব, সংবাদ যাচাই ও মোবাইল সাংবাদিকতা নিয়ে আলোচনা হোক, যাতে তরুণ সাংবাদিকরা আরও প্রস্তুত হতে পারে ভবিষ্যতের জন্য।”

এসময় কুমিল্লার কাগজের প্রধান বার্তা সম্পাদক জহির শান্ত বলেন, “২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লার কাগজ বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের পাশে কোনো ট্যাগ লাগেনি, এটাই আমাদের গর্ব। ডিডব্লিউ একাডেমি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ফেলো হিসেবে কাজের সুযোগ দিচ্ছে, যা অত্যন্ত আনন্দের খবর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগেও আমাদের সঙ্গে যুক্ত ছিল, আমরা তাদের সহযোগিতা করি এবং তারাও আমাদের সহায়তা করে। আশা করছি এই সম্পর্ক আরও গভীর হবে।”

এছাড়াও অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান বলেন, “সবার অংশগ্রহণে কাজ সহজ হয়, আর সেই উদ্যোগ নিয়েছে সাকমিড। কুমিল্লার কাগজের সঙ্গে আগে আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও এখন তা প্রতিষ্ঠিত হয়েছে। ডিডব্লিউ একাডেমি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে, যা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বাড়াচ্ছে। তারা ফেলো হিসেবে কাজ করছে, দেশের নানা জায়গায় প্রশিক্ষণ নিচ্ছে, যা অত্যন্ত উপকারী। বিভাগেও আমরা মোবাইল সাংবাদিকতা, তথ্যনির্ভর সাংবাদিকতা ও সংবাদ যাচাইয়ের মতো নতুন কোর্স চালু করেছি। সাকমিড, ডিডব্লিউ একাডেমি ও কুমিল্লার কাগজকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।”

এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, মেন্টরিং, প্রায়োগিক কাজ ও সামাজিক সচেতনতামূলক প্রকল্পে অংশগ্রহণের সুযোগ পাবেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে এই সহযোগিতার সূচনা উদযাপন করেন।

/আদনান আলম

শেয়ার করুন -