MCJ NEWS

এজাইল প্রকল্পে নির্বাচিত কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ইউরোপীয় ইউনিয়ন–সমর্থিত এজাইল (AGILE) প্রকল্পের অধীনে ‘সাংবাদিকতায় চাপ ও ট্রমা ব্যবস্থাপনা’ বিষয়ে আন্তর্জাতিক পাঠ্যক্রম-বহির্ভূত কোর্স বাস্তবায়নের জন্য নির্বাচিত হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে কোর্সটি যৌথভাবে নকশা ও বাস্তবায়নের জন্য বিভাগটিকে দুই বছরে পাঁচ হাজার ইউরো অর্থসহায়তা দেয়া হবে।‎‎‎

বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।

এই কোর্সের মূল লক্ষ্য হলো সংকট, দুর্যোগ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন বা ট্রমা-সংশ্লিষ্ট ঘটনা কাভার করতে গিয়ে সাংবাদিকদের যে মানসিক চাপ ও মানসিক আঘাতের অভিজ্ঞতা হয়, তা মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলা। শিক্ষার্থীরা কীভাবে মানসিকভাবে স্থিত থাকতে পারে, ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল আচরণ করতে পারে এবং প্রয়োজনে সহায়তা চাইতে পারে, সে বিষয়গুলোই কোর্সের কেন্দ্রবিন্দুতে থাকবে।

এ বিষয়ে সিজেইএন বাংলাদেশের চেয়ারম্যান ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর উপ-উপাচার্য ড. জুড উইলিয়াম জেনিলো বলেন, বাংলাদেশে সাংবাদিকতা পেশা মানেই চাপ, অনিশ্চয়তা ও ঝুঁকি। মাঠে কাজ করতে গিয়ে সাংবাদিকরা সহিংসতা, দুর্ঘটনা, শোক ও ভয়াবহ মানবিক পরিস্থিতির মুখোমুখি হন। পাশাপাশি অনলাইন হয়রানি, মামলা ও নিরাপত্তাহীনতার মতো সমস্যাও মোকাবিলা করতে হয়। কিন্তু এসব মানসিক চাপ সামলানোর ভাষা ও কৌশল আমাদের পাঠ্যক্রমে খুব কমই আলোচিত হয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু খবর সংগ্রহ নয়, মানসিক সুস্থতা রক্ষা ও ট্রমা মোকাবিলার দক্ষতাও শেখাতে হবে। এই উদ্যোগ সাংবাদিকতা শিক্ষার একটি বড় ঘাটতি পূরণ করবে বলে আমি আশাবাদী।

ইউরোপীয় ইউনিয়নের এই ফান্ড প্রাপ্তি প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর হাসান বলেন, এই প্রকল্পটি পেয়ে সত্যিই আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বিশ্বাস করে, সাংবাদিকতায় ট্রমা ও মানসিক চাপ ব্যবস্থাপনা বিষয়ে এই উদ্যোগটি বাংলাদেশের পেশাগত সাংবাদিকতা ও সাংবাদিকতা শিক্ষার জন্য সময়োপযোগী এবং জরুরি।

উল্লেখ্য, এজাইল প্রকল্পটি ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত মেয়াদে পরিচালিত একটি বৈশ্বিক উদ্যোগ, যা ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

এফকে/ ফরহাদ কাউছার

শেয়ার করুন -