
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেডিকেল সেবা কার্যক্রম পরিচালনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইসলামি ছাত্র আন্দোলন।
শুক্রবার (৩০ জানুয়ারি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুবি কেন্দ্রে সংগঠনটি এই সেবা প্রদান করে।
এসময়ে ইসলামি ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করেন। এতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি বিভিন্ন জটিল সমস্যার জন্য প্রয়োজনীয় মেডিসিন সেবা ও পরামর্শ প্রদান করা হয়। সেবাগ্রহণকারীদের শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ বিতরণ করা হয়।
ইসলামি ছাত্র আন্দোলনের সদস্য আবছার উদ্দীন ইফতি বলেন, “ দূর থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা জার্নির ফলে স্বাস্থ্যগত ভাবে দুর্বল হয়ে পড়ে যেটা একজন শিক্ষার্থীর পরীক্ষার খাতায় প্রভাব পরে। তাদের যাত্রা নিরাপদ ও সুস্থভাবে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এই ব্যবস্থা।”
তিনি আরো বলেন, “গত বছরও আমাদের হেল্প বুথ ছিল কিন্তু যারা অসুস্থ হয়ে গিয়েছিল তাদের নিয়ে আমাদের কোটবাড়িতে যাওয়া লেগেছিল। এই অভিজ্ঞতা থেকে থেকে আমরা এবার ক্যাম্পাসেই মেডিকেল বুথ এস্টাব্লিশ করেছি যাতে শিক্ষার্থী ও অভিভাবকদেরও ভোগান্তি কমে।”
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসজুড়ে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে ইসলামি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেডিকেল সেবার পাশাপাশি দিকনির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য সহায়তাও দেওয়া হয়। সংগঠনটির সদস্যরা পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক ভূমিকা পালন করেন যা ভর্তি পরীক্ষার দিনটিকে আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক করে তুলে।
/ কাজী ফাহমিদা কানন