MCJ NEWS

সুন্দরবনের নিচে প্রাচীন লবণ শিল্পের খোঁজ: কুবিতে ড. কুড্রাসের বিশেষ সেমিনার

​সুন্দরবনের গহীনে লুকিয়ে থাকা মধ্যযুগের লবণের চুল্লি এবং তৎকালীন কারিগরি দক্ষতা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সেমিনার।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত জার্মান ভূতাত্ত্বিক ও সুন্দরবন গবেষক প্রফেসর ড. হারমান কুড্রাস।

“ইভল্যুশন এন্ড প্রিজার্ভেশন অব সল্ট প্রডিউসিং কিলন্স ফ্রম দ্য কোস্টাল সুন্দরবন: এ মেডিয়েভল আর্টিসানাল সাকসেস অব বাংলাদেশ”(Evolution and Preservation of salt Producing kilns from the coastal Sundarbans: a medieval artisanal success of Bangladesh) শীর্ষক এই সেমিনারে প্রফেসর কুড্রাস সুন্দরবনের উপকূলীয় এলাকায় লবণ শিল্পের বিকাশের চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, “প্রায় কয়েকশ বছর আগে সেখানে মাটির বিশেষ চুল্লির মাধ্যমে বিপুল পরিমাণে লবণ উৎপাদিত হতো, যা তৎকালীন বাংলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তবে সুনামি, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের ফলে এই সমৃদ্ধ জনপদ ও শিল্প ব্যবস্থা একসময় বিলীন হয়ে যায়। তখনকার সময়ে লবণ তৈরির কারিগরি প্রক্রিয়া এই অঞ্চলের মানুষের প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ বহন করে। তিনি বলেন, “এই ঐতিহাসিক সম্পদ আমাদের নিজেদের, তাই একে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।”

​বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন তার বক্তব্যে বলেন, “ব্যক্তিগতভাবে এই গবেষণার সাথে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছিল। সুন্দরবনের প্রতিকূল পরিবেশ জয় করে এই আবিষ্কার সত্যিই অভাবনীয় এবং প্রশংসনীয়। আমাদের দেশের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে আগামী দিনে শিক্ষার্থীদের আরও বেশি করে গবেষণায় এগিয়ে আসার দরকার”।

এফকে/ রুবায়েত, আবিদ

শেয়ার করুন -