MCJ NEWS

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ

​বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। প্রশাসনের পুষ্পার্ঘ্য অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভিন্ন বিভাগ এবং নিবন্ধিত ও অনিবন্ধিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

​দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি ক্যাম্পাসের গোলচত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

​অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে রক্ত দেওয়ার ইতিহাস কেবল বাঙালিরই আছে। এই বিরল আত্মত্যাগের কারণেই আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমরা গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছি এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।”

উল্লেখ্য, ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মহান একুশের চেতনায় উজ্জীবিত হয়ে মাতৃভাষার মর্যাদা ধরে রাখার শপথ নেন।

এফকে/ প্রীতম কান্তি গোপ

শেয়ার করুন -