
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেলের অপহরণের ঘটনার পাঁচ দিন পেরোলেও আসামিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু বলেন, আসামি শনাক্তের চেষ্টা চলছে। সড়কের আশেপাশে এবং এটিএম বুথের সিসিটিভি ফুটেজ ও টাকা আদান-প্রদানের তথ্য থাকলেও এখন পর্যন্ত কেনো আসামিদের শনাক্ত করা যাচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন, আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। উনাকে যেখানে যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গাগুলোতে আমরা সিসিটিভি ফুটেজ দেখছি।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক (সোহেল) ক্যাম্পাস থেকে ঢাকা যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় বাসের অপেক্ষায় ছিলেন। এমন সময় একটি প্রাইভেট কারে এসে চারজন দুর্বৃত্ত আবদুর রাজ্জাককে জোরপূর্বক তুলে নেয়।
গত বুধবার (৪ মার্চ) বেলা আড়াইটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের পর একই দিন বিকেল পাঁচটার দিকে আবদুর রাজ্জাককে প্রায় ৪৫ কিলোমিটার দূরে দাউদকান্দির শহীদনগর এলাকায় ফেলে আসে দুর্বৃত্তরা। পরবর্তীতে দুর্বৃত্তরা শিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মুঠোফোন ছাড়াও তাঁর এটিএম কার্ড দিয়েও টাকা লুট করে নিয়ে যায়।
আরকে/ ফরহাদ কাউছার