
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ৮২ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মোট চারটি ব্যাচ থেকে এই শিক্ষার্থীরা চূড়ান্তভাবে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
গত রোববার (১৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এবং ১৩ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। এবারের পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী চূড়ান্তভাবে সফল হয়েছেন।
উত্তীর্ণ প্রার্থীরা এখন থেকে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীনস্থ যেকোনো নিম্ন আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার সুযোগ পাবেন। তবে পেশাগত কার্যক্রম শুরু করার লক্ষ্যে বিধি মোতাবেক আগামী ছয় মাসের মধ্যে তাদের নির্বাচিত বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।
আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাদিয়া তাবাসসুম বলেন, “শুরু থেকেই আইন বিভাগ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিভাগের পাঁচজন শিক্ষার্থী ইতোমধ্যে জাজ হিসেবে কর্মরত রয়েছেন। সেই ধারাবাহিকতায় এবারও বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। বিভাগীয় প্রধান হিসেবে আমি ও আমার সহকর্মীরা তাদের আগামীর সাফল্য কামনা করি।”
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ২০১৬ সাল থেকে তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে।
এফকে/ প্রীতম