
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ১১তম বিভাগ দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) আনন্দ শোভাযাত্রা, শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণ এবং নানা বক্তব্যে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
২০১৬ সালের ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবার ১১ বছরে পদার্পণ করেছে। দিবসটি উদযাপন করতে সকালে আয়োজিত হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যেখানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হায়দার আলী বলেন, ‘একসময় বিভাগটি চরম শিক্ষক সংকটে থাকলেও বর্তমানে সেই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এবং এখন মোট ৮ জন শিক্ষক রয়েছেন। তিনি বিভাগের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং ১২ এপ্রিল আগত নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কোনো ধরনের অপমান বা হিউমিলেশন যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন।’
বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান জানান, ‘নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিভাগের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রকাশ করছে এবং বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও বড় বড় সাফল্য অর্জন করবে।’
শিক্ষার্থীদের মধ্যেও ছিল ব্যাপক উচ্ছ্বাস। শিক্ষার্থী জয় রায় বলেন, ‘ব্যাডমিন্টন খেলায় দলগত সমন্বয় খুব গুরুত্বপূর্ণ এবং তিনি টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন। ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।’
শিক্ষার্থী নাফজান হাসনাত নোহা বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবার বিভাগ দিবসে অংশগ্রহণ করে তিনি উচ্ছ্বসিত এবং আগামী বছরগুলোতে আরও সুন্দরভাবে দিবসটি উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।’
সবমিলিয়ে, আনন্দ-উচ্ছ্বাস ও ভবিষ্যৎ স্বপ্নে ভরপুর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১তম বিভাগ দিবস উদযাপিত হয়েছে।
এফকে/ দীপা সরকার