
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ‘প্রথম আলো বন্ধুসভা’ কুবি শাখার উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনার রুমে এই সেমিনারের আয়োজন করা হয়।
এসময় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রথমআলো বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জনি আলম, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মঈনুল রাকীব ও মশিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষকগণ।
আলোচনা সভায় আলোচকগন বাংলা গণমাধ্যমের বিবর্তন তুলে ধরেন। ঔপনিবেশিক আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সংবাদপত্রের বিবর্তনের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, সত্য প্রকাশে সাংবাদিকদের কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে ভুল তথ্য বা ‘মিস-ইনফরমেশন’ দ্রুত ছড়িয়ে পড়া নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয় এবং তথ্যের সত্যতা যাচাই করতে পারে, সে বিষয়ে সেমিনারে বেশ কিছু ব্যবহারিক দিক-নির্দেশনা দেওয়া হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মঈনুল রাকীব বর্তমান সময়ে তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে আমরা বাস্তব জীবনের তথ্যের চেয়ে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার তথ্যকে অধিকতর সত্য বলে ধরে নেই এবং যাচাই না করেই তা ছড়িয়ে দেই। বিশেষ করে ‘ক্লিক-বেইট’ বা চটকদার শিরোনামের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা এখন প্রকট।”
সেমিনারে প্রধান আলোচক জাফর সাদিক গণমাধ্যমের অভ্যন্তরীণ প্রতিবন্ধকতাগুলো তুলে ধরে বলেন, একটি সংবাদ আমাদের কাছে পৌঁছানোর আগে নানা ধরনের কাঠামোগত বাধার মধ্য দিয়ে যায়। বিশেষ করে সংবাদপত্রের মালিকানা কাঠামো এবং বিজ্ঞাপন নীতি সংবাদ পরিবেশনায় বড় প্রভাব ফেলে।
তিনি পাঠকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তথ্যের এই ভিড়ে আমাদের আগে বুঝতে হবে কোনটি প্রকৃত ‘সংবাদ’ আর কোনটি ব্যক্তিগত বা কর্পোরেট প্রচারণা।
পরিশেষে বক্তারা এই বিষয়ে একমত পোষণ করেন যে, তথ্যের অবাধ প্রবাহের এই যুগে কেবল প্রযুক্তি বা আইন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে পারে না; বরং পাঠক ও দর্শকদের সচেতনতাও সমান জরুরি। প্রযুক্তির অপব্যবহার রুখে সঠিক তথ্য তুলে ধরাই হোক এবারের মুক্ত গণমাধ্যম দিবসের অঙ্গীকার। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে সংবাদ সচেতনতা তৈরি এবং মুক্ত গণমাধ্যমের গুরুত্ব অনুধাবনে এক কার্যকর ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
এসএস/ রুবায়েত, আবিদ