MCJ NEWS

ইসলামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার প্রতিবাদে কুবি শিক্ষকদের মানববন্ধন

ইসলামি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সাদিয়া রুনা হত্যার ঘটনায় মানববন্ধন করেছেন কুবি শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার ৫ই মার্চ সকাল ৯:০০ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোতাসিম বিল্লাহ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা।

এসময় সহকারী প্রক্টর মোতাসিম বিল্লাহ বলেন, জুলাই পরবর্তী আমরা যে আকাঙ্খা এবং প্রত্যাশা করেছিলাম সেটা শুধু ব্যাহত হচ্ছে। সারাদেশে আমাদের শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং গতকাল আমাদের সহকর্মী নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দ্রুততার সাথে বিচার নিশ্চিতের দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, দিন দিন আমাদের নৈতিক অবনতি ঘটছে। শিক্ষার্থীরা প্রতিনিয়ত আমাদের কাছে নিরাপত্তা চায় এখন আমরা কার কাছে চাইবো? গতকাল ইবিতে যে ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি।

এফকে/ ফরহাদ কাউছার

শেয়ার করুন -