
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক সোহেল অপহরণের শিকার হয়েছেন। এ সময় তার কাছ থেকে মোট ৯৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় অপহরণকারীরা। এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি লিখিত মামলা দায়ের করা হয়।
বুধবার (৪ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল বলেন, “বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমি কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অপেক্ষা করছিলাম। এ সময় একটি প্রাইভেটকার এসে জোরপূর্বক গাড়িতে তুলে ঢাকার দিকে রওনা দেয়। কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হওয়ার পর অপহরণকারীরা চোখ, হাত ও পা বেঁধে ফেলে।”
তিনি আরও বলেন, “অপহরণকারীরা আমার কাছে থেকে মোবাইল ফোন, মানিব্যাগ এবং নগদ ১৫ হাজার টাকা নিয়ে নেয়। পরে এটিএম কার্ডের পাসওয়ার্ড জানতে চাইলে আমি প্রথমে অস্বীকৃতি জানাই। এ সময় আমাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হলে বাধ্য হয়ে আমি পাসওয়ার্ড জানিয়ে দিই। একই সঙ্গে তারা আমার বিকাশ নম্বরের পাসওয়ার্ডও নিয়ে নেয়।”
ছিনতাই হওয়া টাকার পরিমাণ সম্পর্কে তিনি বলেন, “ডাকাত দল আমার কাছ থেকে মোট ৯৭ হাজার ৫০০ টাকা নিয়ে নেয়। পরে আমাকে দাউদকান্দির একটি অজ্ঞাত স্থানে ফেলে রেখে যায়। এ সময় অপহরণকারীরা কয়েকবার গুলি করার এবং স্প্রে করে অজ্ঞান করে দেওয়ার হুমকিও দেয়।”
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই টিটু কুমার নাথ বলেন, “আমরা তাকে এজাহার লিখতে সহযোগিতা করেছি এবং মামলা রেকর্ড করেছি। তাকে যেসব জায়গায় নেওয়া হয়েছে সেসব স্থানে আমরা তদন্ত করব। এছাড়া কোন জায়গা থেকে টাকা ট্রান্সফার করা হয়েছে তা চিহ্নিত করার চেষ্টা করা হবে।”
এফকে/ বিজয় কুমার