MCJ NEWS

ঈদে দীর্ঘ ২৩ দিনের ছুটিতে কুবি

পবিত্র মাহে রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে দীর্ঘ ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা সব মিলিয়ে ২৩ দিনের টানা ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটি শেষে নির্ধারিত সময় অনুযায়ী আবারও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।”

ছুটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকেও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। বিজয়–২৪ হল কর্তৃপক্ষের নোটিশে জানানো হয়েছে, ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হল বন্ধ থাকবে। তবে ২৭ মার্চ সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের জন্য হল পুনরায় খুলে দেওয়া হবে।

নোটিশে আরও বলা হয়েছে, ছুটির সময় বিশেষ প্রয়োজনে কেউ হলে অবস্থান করতে চাইলে গেইটে রাখা রেজিস্টার খাতায় নিজের নাম ও প্রবেশের কারণ উল্লেখ করতে হবে।

এদিকে ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাও সাময়িকভাবে বন্ধ থাকবে। পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, “বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালে নিয়মিত বাস সার্ভিস চলবে না। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি উপলক্ষে সেদিন বাস সার্ভিস চালু রাখা হবে।”

এফকে/ দীপা সরকার

শেয়ার করুন -