
বান্দরবানের আলীকদম উপজেলার সবুজ পাহাড়ঘেরা প্রকৃতির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মারায়ন তং। প্রায় ১,৬৪০ ফুট উঁচু এই পাহাড়ের চূড়ায় রয়েছে একটি বৌদ্ধ জাদি ও গৌতম বুদ্ধের আবক্ষ মূর্তি। স্থানীয় মারমা ভাষায় ‘তং’ শব্দের অর্থ পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় গুরুত্ব এবং চূড়া থেকে দেখা মাতামুহুরী নদীর মনোমুগ্ধকর দৃশ্য মারায়ন তংকে পর্যটক ও দর্শনার্থীদের কাছে এক অনন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। তবে এই পাহাড়ের সৌন্দর্য কেবল এর চূড়াতেই সীমাবদ্ধ নয়; এর পাদদেশে ছড়িয়ে আছে মারমা জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অনন্য গল্প। সেই পাহাড়ি জীবনযাপন ও প্রকৃতির অনন্য চিত্র তুলে ধরেছেন আবিদুর রহমান।

মেঘ-পাহাড়ের দেশে জীবন যেখানে এক অবিরাম পথচলা। মারায়ন তং-এর রুক্ষ মাটির পথ বেয়ে বয়ে চলে মারমা নারীদের জীবিকার স্বপ্ন, যা মিশে যায় দূর পাহাড়ের জুম ফসলের প্রান্তরে। পাহাড়কে ভালোবেসে, পাহাড়কে ঘিরেই আবর্তিত হয় পাদদেশের এই প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিটি দিন।

মারায়ন তং পাহাড়ের চূড়ায় অবস্থিত গৌতম বুদ্ধের এই আবক্ষ মূর্তিটি দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ। পাহাড়ের চূড়া থেকে চারপাশের সবুজ উপত্যকা ও মাতামুহুরী নদীর সৌন্দর্য উপভোগের পাশাপাশি এই জাদি ও মূর্তিটি এখানকার ধর্মীয় ঐতিহ্যের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে।

আদিম শিকড় ছড়ানো প্রাচীন বৃক্ষটি যেন পরম মমতায় আগলে রেখেছে এই পবিত্র জাদিকে। পাতার ফাঁক গলে আসা আলো আর প্রকৃতির এই শান্ত রূপ যেন পাহাড়ের বুকে বিশ্বাস ও সৌন্দর্যের এক অপার্থিব মেলবন্ধন।

পাহাড়ের পাদদেশের গ্রামে মারমা শিশুদের প্রাত্যহিক জীবনের একটি খণ্ডচিত্র। রুক্ষ পাহাড়ী জীবনের মাঝেও এই শিশুদের নিষ্পাপ অবয়ব আর সরলতাই পার্বত্য অঞ্চলের আসল সৌন্দর্য।

একজন স্থানীয় মারমার আদিবাসীর দোকান। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পাহাড়ি দুর্গমতার মাঝেও পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে এমন স্বাবলম্বী হওয়ার ও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা দেখা যায়।

মারায়ন তং পাহাড়ের ঢালু পথ এবং দূর থেকে দৃশ্যমান মাতামুহুরী নদীর এক মনোরম কোণ। মেঘ ও পাহাড়ের এই মিতালী উপভোগ করতে এবং প্রকৃতির এত কাছাকাছি আসার টানেই প্রতিদিন শত শত পর্যটক আলীকদমের এই পাহাড়ে ছুটে আসেন।

মেঘে ঢাকা ধূসর আকাশ আর পাহাড়ের বুকে এঁকেবেঁকে চলা একলা পথ। মারায়ন তং-এর এই চূড়া থেকে তাকালে বোঝা যায় পাহাড়ের বিশালতা আর তার বুকে মানুষের টিকে থাকার অদম্য লড়াই।