MCJ NEWS

কুবিতে চিত্তনামার নতুন কমিটি গঠন, প্রকাশিত গণ-অভ্যুত্থান সংখ্যা

‘চিন্তা ও চিত্তের প্রকাশ ঘটুক, মূল্যবোধের চর্চা হোক’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সাহিত্য ও সামাজিক সংগঠন ‘চিত্তনামা’র নতুন কমিটি প্রকাশ এবং নবীন শিক্ষার্থীদের (২০তম ব্যাচ) বরণ করে নেওয়া হয়েছে।

​আজ ০৬ জুলাই, ২০২৬ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানটি সাড়ম্বরে আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

​নবগঠিত ১২ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-ফাহাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঋক্তা চক্রবর্তী।

​দায়িত্ব গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করে সংগঠনটির নতুন সভাপতি আল-ফাহাদ বলেন, “আজ থেকে বছর চারেক আগে চিত্তনামা তার পদযাত্রা শুরু করেছিল। যদিও শুরুর পথটা খুব বেশি মসৃণ ছিল না। দুর্গম গিরি ডিঙিয়ে, কান্তার মরু পাড়ি দিয়ে চিত্তনামা আজ চিত্তের কথা বলছে। আমাদের কাঁধে আজ যে দায়িত্ব অর্পিত হলো, আমরা যেন তা আমাদের পূর্বসূরিদের ন্যায় অব্যাহত রাখতে পারি এই মুহূর্তে এটাই আমাদের প্রধান দায়িত্ব। এই যান্ত্রিকতার ও অমানবিকতার যুগে মূল্যবোধের চর্চাটা যাতে হারিয়ে না যায়, সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে।”

​অন্যদিকে সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ঋক্তা চক্রবর্তী বলেন, “চিত্তনামা মূলত মানুষ হওয়ার এবং মূল্যবোধের লড়াই করে। চিন্তার যে বহিঃপ্রকাশ, তা নিয়েই এই সংগঠন কাজ করে থাকে। বিশ্ববিদ্যালয়ের শত ব্যস্ততার মাঝেও চিত্তনামা একটি বন্ধুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা যে নতুন দায়িত্ব পেয়েছি, তা বজায় রেখে আগামী দিনগুলোতে মূল্যবোধ ও মনুষ্যত্ব রক্ষার কাজ করে যাব এটাই আমাদের মূল প্রত্যাশা।”

​উল্লেখ্য, চিত্তনামার সদস্য আল-ফাহাদের সঞ্চালনায় ও মারুফ শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. নাহিদা বেগম, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মোর্শেদ রায়হান এবং শিশু ও কিশোর মেলা সাহিত্য সম্পাদক দীপা মজুমদার।

​দিনব্যাপী এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘গণ-অভ্যুত্থান সংখ্যা’র মোড়ক উন্মোচন এবং কোরাস গান ও আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।

/কাজী ফাহমিদা

শেয়ার করুন -