MCJ NEWS

শাসনগাছা কুবির বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণ, অচেতন ছাত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য ভাড়ায় পরিচালিত বিআরটিসি ৩ নম্বর বাসের চাকা বিস্ফোরিত হয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় বিকট শব্দে এক ছাত্রী অচেতন হয়ে পড়েন।

সোমবার (৬ জুলাই) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে কান্দিরপাড়ের উদ্দেশে ছেড়ে যায় বিআরটিসি ৩ নম্বর বাসটি। শাসনগাছা ফ্লাইওভারের নিচে পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দের তীব্রতায় এক ছাত্রী অচেতন হয়ে যান। একই সময় চাকা বিস্ফোরণের প্রভাবে বাসের পাশে থাকা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পায়ে আঘাত লাগে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোসারফ হোসেন ভূঁইয়া বলেন, “অতিরিক্ত গরম এবং ফ্লাইওভারের নির্মাণসামগ্রীর কারণে চাকাটি বিস্ফোরিত হয়ে থাকতে পারে। বিকট শব্দে এক ছাত্রী অচেতন হলেও তিনি এখন সুস্থ আছেন। এছাড়া এক শিক্ষার্থীর পায়ে চাকার গরম বাতাস লেগে আঘাত পেয়েছেন।”

এফকে/প্রীতম

শেয়ার করুন -